খুলনার রূপসা নদীতে সিমেন্টের কাঁচামাল নিয়ে ‘এমভি বিবি-১১৩৪’নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে খানজাহান আলী (র.) সেতু সংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে জাহাজে অবস্থানরতরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি।
র্যাব-৬ খুলনার পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা লোকজনকে নিরাপদে উদ্ধার করে। তবে, জাহাজটি রক্ষা করা সম্ভব হয়নি। সেটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।
সেভেন রিংস সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার (লজিস্টিক অ্যান্ড কর্মাশিয়াল) কমান্ডার মো. এনামুল হক বিএন (অবঃ.) জানান, জাহাজটি রূপসা নদীর পূর্ব পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার জেটিতে নোঙ্গর করা ছিল। ১ হাজার ৩৫ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম নিয়ে কার্গোটি মোংলা বন্দর থেকে খুলনায় আসে। দুপুর ২টার পরে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে গিয়ে কার্গোটি ডুবে যায়। ৩টা ২০ মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়।
ইত্তেফাক/ইউবি