সাভারে শ্রমিক কলোনিতে অগ্নিকান্ডে নারীর মৃত্যু

সাভারে একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া আগুনে শ্রমিক কলোনির ২৫ টি কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুরে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। 
 
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকার মুসা মিয়ার শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
 
নিহত নারীর নাম মরিয়ম বেগম (৪৫)। সে দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার শাউদকান্দি গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। নিহত মরিয়ম মেয়ের সাথে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। 
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকার মুসা মিয়ার শ্রমিক কলোনীতে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িসহ পাশ্ববর্তী আরও একটি শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়ে। এসময় ইটভাটা শ্রমিক মরিয়ম একটি কক্ষের ভিতরে আটকা পড়ে ধোয়ায় শ^াস বন্ধ হয়ে মারা যান। এঘটনায় আরও কমপক্ষে ৫ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 
 
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে শ্রমিক কলোনীর ২৫ টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 
 
পুড়ে যাওয়া বাড়ির ভাড়াটিয়া আকলিমা জানান, আগুনে আমার কক্ষের সমস্ত জিনিসপত্র পুড়ে যাওয়ায় এখন ছেলেমেয়ে নিয়ে কিভাবে কি করবো বুঝতে পারছিনা। 
 
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততোক্ষনে দুটি শ্রমিক কলোনীর ২৫ টি কক্ষ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্রমিক কলোনীতে ব্যবহৃত সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। 
 
ইত্তেফাক/রেজা