নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় জালিয়াতি করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাসহ সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মচারীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এদের আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, সোনালী ব্যাংকের খালিয়াজুরী শাখার কর্মকর্তা হারুন অর রশিদ, সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী মো. মামুন উদ্দিন এবং একই অফিসের কারিগরি প্রশিক্ষক শহিদুল ইসলাম।
খালিয়াজুরী উপজেলার ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান, চলতি সপ্তাহে সোনালী ব্যাংকের মাধ্যমে খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন অর্থ বছরের ভাতার টাকা বিতরণ করা হয়। সোনালী ব্যাংকের খালিয়াজুরী শাখার এ্যাসিস্টেন অফিসার হারুন অর রশিদ, সমাজ সেবা অধিদপ্তরের খালিয়াজুরী উপজেলা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মো. মামুন উদ্দিন এবং একই অফিসের কারিগরি প্রশিক্ষক শহিদুল ইসলাম ভাতা বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বিতরণের সময় তারা জালিয়াতি করে একেক উপকারভোগীর কাছ থেকে একেক অংকের টাকা আত্মসাত করেন। টাকা কম পেয়ে কয়েকজন উপকারভোগী ইউএনওর শরণাপন্ন হলে তিনি খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা জানতে পান। পরে অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে মোট ১৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের কথা স্বীকার করেন এবং লিখিত জবানবন্দী দেন। এছাড়া তাৎক্ষণিক নগদ ৮ লাখ ৭ হাজার টাকা নগদ ফেরত দেন এবং ৫ লাখ ৩৭ হাজার টাকার চেক দেন। পরে ইউএনওর নির্দেশে স্থানীয় থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ইউএনও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি তাদের নিজ নিজ দপ্তরকেও এ ব্যাপারে দাপ্তরিক ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
খালিয়াজুরী থানার ওসি হযরত আলী বৃহস্পতিবার বিকেলে বলেন, আটক তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কেউ এখনও কোনো এজাহার দেয়া হয়নি।
ইত্তেফাক/রেজা