ছাত্রলীগ নেতা শাওন হত্যাকান্ডের ঘটনায় ৩ যুবক জেলে

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা আশফাক আল রাফি শাওন হত্যাকান্ডের ঘটনায় তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 
 
বুধবার রাতে শাওন হত্যাকান্ডের ঘটনায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওন হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, পিচ্চি আরিফ ও হিমেল আত্মসমর্পণ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
 
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসপর্মণ করা তিন ছাত্রলীগ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ১৮ মার্চ আগামী রোববার শুনানি অনুষ্ঠিত হবে। 
 
ওসি মাহমুদুল ইসলাম জানান, একইসঙ্গে শাওনের মরদেহ উত্তোলনের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। 
 
প্রকাশ, গত ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে নগরীতে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ দুপুরে মারা যান শাওন। শাওন হত্যাকান্ডের ঘটনার বিচার দাবিতে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে রাজপথে অবস্থান নিয়েছে। 
 
ইত্তেফাক/রেজা