ফরিদপুর-৪(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষা বিস্তারে সকল শিক্ষক-শিক্ষার্থীকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশের উন্নয়ন হয় না।
বৃহস্পতিবার সকালে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হলে শতভাগ শিক্ষিত জাতি গড়তে হবে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করাতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. মোতালেব মাতুব্বর, বিশ্ব জাকের মঞ্জিল প্রতিনিধি আমিরুল ইসলাম চুন্নু প্রমুখ।
এছাড়া এমপি নিক্সন চৌধুরী বুধবার বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাহেদুল ও আহত উজ্জলের বাড়িতে যান। এ সময় তিনি তাদের মা-বাবাকে সমবেদনা জানান ও নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।
ইত্তেফাক/নূহু