মধুখালীতে চাচা হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে এই ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে।
 
নিহত চাচার নাম আব্দুল্লাহ ফকির (৫৫)। বাবা মৃত শমসের ফকির। এ সময় অপর ৩জন গুরুতর আহত হয়ে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন আক্কাচ ফকির (৩৫),  খাদিজা (২৫) ও লিমা (২৫)। এঘটনায় মূল অভিযুক্ত ভাতিজা হাফিজ ফকির (৩৫) সহ আরও চারজনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহ মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় পিছন থেকে গরু জবাই করার ছুরি দিয়ে কোপ দিলে আব্দুল্লাহ ফকির মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। এসময় বাড়ি থেকে অন্য লোকজন এসে তাকে রক্ষা করতে গেলে অভিযুক্ত জাতিজা তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে আহত আব্দুল্লাহকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জের এ ঘটনাটি ঘটেছে। তা ছাড়া ঘাতকরা এলাকার দস্যু প্রকৃতির লোক বলে জানা গেছে। এ ব্যাপারে একটি মধুখালী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস