নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রুপম চন্দ্র (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পুষণা গ্রামে।
 
পুটিমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শ্রী প্রকাশ চন্দ্র রায় জানান, গত বৃহস্পতিবার উপজেলার পুটিমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া গ্রামের শ্রী জয় চন্দ্রের ছেলে রুপম তার বাবার সাথে তার নানার বাড়ি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ পুষণা গ্রামে বেড়াতে যায়। গতকাল বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে সবাই ঘরের ভিতর ঘুমিয়ে যায়। শিশু রুপম বাড়ির সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে খেলার সময় পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকেরা রুপম চন্দ্রকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরে রুপমের লাশ ভেসে উঠে।
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস