ক্রিকেটের প্রতি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রেম নতুন কিছু নয়। পৃথিবীর যে প্রান্তেই তার দেশ খেলুক না কেন, শত ব্যস্ততার মধ্যেও সেই খেলা উপভোগের চেষ্টা করেন ‘বিগ বি’। তার ক্রিকেটপ্রেম ফুটে ওঠে টুইটারেও। তিনি খেলা নিয়ে মন্তব্য করেন। ভালো খেলাকে অভিনন্দিত করেন আন্তরিকতার সঙ্গেই।
নিদহাস ট্রফিতে ফাইনালে যেতে গতকাল প্রেমাদাসায় লড়ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিজয়ী দল ভারতের মুখোমুখি হবে ফাইনালে। টুর্নামেন্টের অঘোষিত ‘সেমিফাইনাল’ হয়ে ওঠা এই ম্যাচে কত নাটকীয় ঘটনাই না ঘটল। খেলোয়াড়েরা মাথা গরম করলেন, একে অন্যের সঙ্গে লিপ্ত হলেন বচসায়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ বয়কটের ডাকও দিলেন। শেষতক ম্যাচ বয়কটের মতো বাজে ঘটনা না ঘটলেও এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর এই লড়াই বাংলাদেশ জিতে নিল মাহমুদউল্লাহর অসাধারণ এক ছক্কায়। অমিতাভ বচ্চন খেলাটি উপভোগ করেছেন প্রাণভরেই।
ম্যাচ শেষ টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ম্যাচটির যে তিনি দারুণ উপভোগ করেছেন, সেটি ফুটে উঠেছে তার টুইটেই, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি কী দুর্দান্তই না হলো!’
বাংলাদেশের এই জয়কে তিনি বলেছেন ‘অবিশ্বাস্য’ই। বাংলাদেশকে অবশ্য তিনি টুইটের এই জায়গায় ‘বাংলা’ বলছেন, ‘“বাংলা”র অবিশ্বাস্য জয়।’
T 2745 - And what a game of cricket in the TRI nation T20 between BanglaDesh and SriLanka .. INCREDIBLE victory by BANGLA !! Despite all the pent up emotions, arguments and ill-tempers in the last few balls, you played the game .. and WON ! Respect ! pic.twitter.com/BPliVE3onG
— Amitabh Bachchan (@SrBachchan) March 16, 2018
ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের আবেগ, দুই দলের খেলোয়াড়দের মাথা গরমের প্রবণতা—সবকিছুর উল্লেখ করেই বাংলাদেশ দলকে শ্রদ্ধা তাঁর, ‘ম্যাচের শেষ কটি বলে খেলোয়াড়দের আবেগী আচরণ, মাথা গরম ও তর্ক-বিতর্কের পরেও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা খেলেই জিতেছে। ওদের শ্রদ্ধা!’
নিদহাস ট্রফির ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ইত্তেফাক/রেজা