রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

সৌদি আরবের রিয়াদে আনন্দ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শনিবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
 
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করা হয়। 
 
এ উপলক্ষে রিয়াদে অবস্থিত স্কুলসমুহের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি