মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদারকে (৩০) কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে উপজেলার মিরুখালী কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার ভগিরথপুর বাজারে ব্যবসায়ী ফজলুল হক জমাদ্দারের সাথে স্থানীয় যুবলীগ নেতা শামিম হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে শামীম ও তার দলবল ব্যবসায়ী ফজলুল হকের দখলে থাকা দোকান ঘর ভাংচুর চালিয়ে উচ্ছেদ করে ঘর তোলার চেষ্টা করে। এসময় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদার ব্যবসায়ী ফজলুল হকের পক্ষ নিয়ে বাধা প্রদান করে। এর জের ধরে রাত ৮টার দিকে যুবলীগ নেতা শামিম তার দলবল নিয়ে কাটাখালী বাজারে ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় শনিবার সকালে ব্যবসায়ী মো. ফজলুল হক বাদী হয়ে দোকান ঘর ভাংচুরের অভিযোগ এনে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামিম হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য ছত্তার হাওলাদার, মুরাদসহ এজাহার নামীয় ৬জন ও অজ্ঞাতনামা ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এদিকে ছাত্রলীগ সভাপতি লাভলু তালুকদারের পক্ষে আলাদা আরেকটি মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, দোকান ঘর ভাংচুরের ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপর দিকে ছাত্রলীগ নেতা আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি