জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার প্রায় দু’শতাধিক শিশুর অংশগ্রহণে “দৌড়াই, বাংলাদেশের জন্য” শীর্ষক শিশুদের ম্যারাথন বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ও এভারেস্ট একাডেমির’ সহাযোগিতায় আয়োজিত ম্যারাথনটি স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
এদিন ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে দৌড় শুরু করে দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত গিয়ে ফের শিশু একাডেমিতে এসে প্রায় দুই কিলোমিটার মিনি ম্যারাথন শেষ করে। এতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। ম্যারাথনটি সকাল ৮টায় উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজির লিটন।
ছেলে বিভাগে শিশুদের ম্যারাথনে প্রথম হয়েছে কেরানীগঞ্জ শিশু বিকাশ স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান হোসেন, দ্বিতীয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ১০ম শ্রেণির জাহিদ ইকবাল ও তৃতীয় হয়েছে কেরানীগঞ্জ শিশু বিকাশ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজহারুল ইসলাম। মেয়ে বিভাগে প্রথম হয়েছে বাড্ডা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী হিব্বাতুল নূর, দ্বিতীয় হয়েছে সালেহা স্কুলের চতুর্থ শ্রেণির তামান্না ইসলাম এবং তৃতীয় হয়েছে মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলের ১ম শ্রেণির সামিয়া আখতার।
অনুষ্ঠানে ম্যারাথনে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও পরিচালক আনজির লিটন।
ইত্তেফাক/আরকেজি