পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তিনি আমাদের একটি ভূখণ্ড, একটি মানচিত্র এবং একটি পতাকা দিয়েছেন। তার সমস্ত জীবন আবর্তিত হয়েছে বাঙালিকে নিয়ে। তিনি বাঙালি জাতির মুক্তির জন্য প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ চিন্তা করেছেন।
গতকাল শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে্ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বই পড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সপ্তাহব্যাপী বই মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের নিয়েও চিন্তা করেছেন। তিনি ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেছেন। বঙ্গবন্ধু মনেপ্রাণে বিশ্বাস করতেন শিশু-কিশোররা জাতির অমূল্য সম্পদ। তারা দেশের ভবিষ্যৎ কারিগর। তাই বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম, সাবেক সচিব মমিন উল্লাহ পাটোয়ারী, বীর প্রতীক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ইত্তেফাক/আনিসুর