পাহাড়ি সংগঠনের ১ নেতা গুলিবিদ্ধ ও অপহৃত ২

রাঙ্গামাটির কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা গুলিবিদ্ধ ও হিল ইউমেন্স ফেডারেশনের দুই নেত্রী অপহৃত হয়েছেন। এসময় একটি ঘর পুড়িয়ে দেয়া হয়। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
 
ইউপিডিএফ এক বিবৃতিতে জানায়, সকালে রাঙ্গামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় কয়েকজন নেতাকর্মী কুতুকছড়ি আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এসময় একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা করলে ধর্ম সিং চাকমা নামে একজন পায়ে গুলিবিদ্ধ হন। বাকীরা পালিয়ে যেতে পারলেও মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে সন্ত্রাসীরা অপহরণ করে। এসময় সন্ত্রাসীরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বিক্ষুদ্ধরা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
 
ইউপিডিএফ প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে উক্ত হামলাকে ‘কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক’ অভিহিত করে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
এদিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, দুর্বৃত্তদের হামলায় এক জন গুলিবিদ্ধ ও দুজনকে অপহরণ করা হয়েছে বলে শুনেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
 
ইত্তেফাক/আরকেজি