বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পুলিশ ইমিগ্রেশনের বহির্গমন ডেস্ক না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশ ইমিগ্রেশনের বহির্গমন ডেস্ক প্যাসেঞ্জার টার্মিনালে স্থানান্তর না হওয়া পর্যন্ত ভারত গমনকারী যাত্রীদের ভোগান্তির কোন সুরাহ হচ্ছে না। যাত্রীরা তাদের ব্যাগেজ স্ক্যানিং করার পর ইমিগ্রশনে যাওয়ার সময় দালাল চক্রের খপ্পরে পড়ছে অহরহ। খোয়া যাচ্ছে তাদের টাকা, ডলারসহ ব্যাগেজপত্র।
IMG0
দালালরা তাদের পাসপোর্টে ইমিগ্রেশনের ডিপারচার সিল মারার নাম করে হাতিয়ে নিচ্ছে টাকা। তাছাড়া যাত্রীদের ব্যাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নিত্যদিনের। পুলিশের দেয়া তথ্য অনুসারে গত কয়েক সপ্তাহে প্রায় ৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে টার্মিনালসহ (কেপিআই ভুক্ত) সংরক্ষিত এলাকায়। প্যাসেঞ্জার টার্মিনাল অভ্যন্তরে বহিরাগত, পাসপোর্ট দালালরা সারাক্ষণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও এখানে কর্মরত পুলিশ, আনসার, বিজিবির সদস্যরা যেন নিরব দর্শক।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের অভ্যন্তরে কাস্টমসের বহির্গমন যাত্রী স্ক্যানিং কার্যক্রমের পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের জন্য বেশ কয়েকটি ডেস্ক স্থাপনের প্রস্তাব এসেছে। প্রস্তাবের বিষয়টি আমি পুলিশ ইমিগ্রেশনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনুমোদন পেলে প্যাসেঞ্জার টার্মিনালের অভ্যন্তরে প্রস্তাবিত স্থানে ডেস্ক স্থাপন করা হবে।
IMG1
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহসহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। বিশ্রাম নিতে বসার ব্যবস্থা ও বিনোদনের জন্য কালার টিভির ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য। তাছাড়া যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর ও টার্মিনাল চার্জ আদায়ের জন্য সোনালী ব্যাংকের বুথের কার্যক্রম চালু হচ্ছে এখানে। ইতিমধ্যে কাস্টমস কর্তৃপক্ষ বহির্গমন যাত্রীদের জন্য প্যাসেঞ্জার টার্মিনাল অভ্যন্তরে চালু করেছে যাত্রীদের ব্যাগেজ তল্লাশির জন্য স্ক্যানিং মেশিন। এখানে ইমিগ্রেশন কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। এটি চালু হলে আর্ন্তজাতিক মানের সেবা ও সুফল পাবেন যাত্রীরা এ আর্ন্তজাতিক প্যাসঞ্জার টার্মিনাল থেকে।
ইত্তেফাক/আরকেজি