নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে গোলচত্বরে ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্যটি পাকিস্তানি সেনার আদলে তৈরি বলে অভিযোগ পাওয়া গেছে।
এনিয়ে এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। দ্রুত ভাস্কর্যটি অপসারণ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংবলিত ভাস্কর্য স্থাপনের দাবি জানানো হয়েছে।
জানা গেছে, ১৫ লাখ ব্যয়ে ভাস্কর্যটি উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে গোলচত্বরে তৈরি করা হয়েছে। গোলচত্বরে বেষ্টনীর মধ্যে পিলারের উপর পূর্ব-পশ্চিম করে দুটি মূর্তি স্থাপন করা আছে। যার দুটি পাকিস্তানি সেনার আদলে তৈরিকৃত কোমরে বেল্ট, পরনে পাকিস্তানি পোশাক ও মাথায় হেলমেট। একজন দু’হাতে বন্দুক উঁচু করে মাথার উপর এবং অপরজন বন্দুক আড়াআড়িভাবে ধরে আছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ডা. ইকরামুল বারী টিপু বলেন, এটা আসলে মুক্তিযুদ্ধের কোন ভাস্কর্য কিনা তা এখনও কর্তৃপক্ষ ঘোষণা করেন নি। তবে এটা যে মুক্তিযুদ্ধের পক্ষের কোনও স্মারক, তা মনে করবার মতো কিছু হয়নি।
মান্দা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি এ ভাস্কর্যের তীব্র প্রতিবাদ জানাই। এটা মুক্তিযোদ্ধার আদলে তৈরি করা হয়নি। এটা সম্পন্ন পাকসেনাদের আদলে তৈরি করা হয়েছে। এটি সত্যিই দুঃখজনক। এটা দ্রুত অপসারণের দাবি জানাই। নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি দেখার পর মন্তব্য করবেন।
ইত্তেফাক/আরকেজি