ডি ভিলিয়ার্সের বিপক্ষে বোলিংয়ের সময় ভুল করার সুযোগ নেই : স্টার্ক

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করার সময় ভুল করার কোন সুযোগ থাকে না বলে মনে করছেন অস্ট্রেলিযান পেসার মিচেল স্টার্ক । তবে প্রোটিয়াদের সঙ্গে চলমান টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ দিয়ে তারা ফের টেস্ট ক্রিকেটের শীর্ষ র‌্যাংকিংয়ে ফিরে আসবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এই অসি ফাস্ট বোলার।
 
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে যাবার পর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ভিলিয়ার্স।
 
প্রথম টেস্টের প্রথম ইনিংসের অপরাজিত ৭১ রান সংগ্রহ করেছিলেন ৩৪ বছর বয়সি ডি ভিলিয়ার্স। স্টার্ক বলেন, সিরিজের তৃতীয় টেস্টকে সামনে রেখে প্রোটিয়া দলে চার নম্বরে ব্যাট করা ডি ভিলিয়ার্সকে প্রতিহত করার পরিকল্পনা করছেন তারা।
 
আগামী ২২ মার্চ নিউল্যান্ডসে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টের আগে তিনি বলেন, ‘একই ধাচের বলের বিপক্ষে ভিন্ন ভিন্ন শট খেলার মতো দক্ষতা এই প্রেটিয়া ব্যাটসম্যানের রয়েছে। সুতরাং তার মতো ব্যাটসম্যানের মোকাবেলা করতে গিয়ে আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হবে। তারপরও তিনি একজন মানুষ। সুতরাং তারও ভুল হবে। ওই সুযোগ কাজে লাগিয়ে তাকে আউট করতে হবে। আমি আমাদের বোলিংয়ের ওপর আস্থাশীল। যে কারণে চলতি সিরিজে তাকে যে বার বার আমরা আউট করতে পারবো, সে বিষয়ে কোন সন্দেহ নেই।’
 
স্টার্ক বলেন, ‘একটি ভালো বল মানে বিশ্বের যে কোন ব্যাটসম্যানের জন্য ‘ভাল’ বল। একজনকে ভালো বোলিং করার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় ওই একটি কাজই আমরা প্রথম ইনিংসে তার বিপক্ষে করে যেতে পারিনি। তিনি অসাধারণ একজন ব্যাটসম্যান। এ বিষয়ে কোন সন্দেহ নেই। প্রথম ইনিংসে তিনি প্রমাণ করেছেন, কেনো তিনি বিশ্ব সেরাদের একজন।’
 
‘ডি ভিলিয়ার্সকে নিয়ে পরিকল্পনা করার জন্য আমাদের দীর্ঘ আলোচনা করতে হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের হয়তো পরিবর্তন আনতে হবে। যেহেতু তিনি একজন মানুষ, তাই তাকেও আউট করা সম্ভব।’
 
এই টেস্টের আগে কিছুটা বিরতি পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্টার্ক। কারণ, টানা ম্যাচ খেলার মধ্যে থাকলে বিশেষ করে পেস বোলারদের বেশি সমস্যা হয়। তবে নিউল্যান্ডে শুরু হতে যাওয়া টেস্টের আগে বিশ্রামের জন্য ১০ দিন পেয়েছে খেলোয়াড়রা। আগামী ৩০ মার্চ ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। বাসস।
 
ইত্তেফাক/রেজা