গতকাল শেষ হওয়ার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেনের।
টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ রান করেন মুশফিক। যার সুবাদে র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৪৬৮। মুশফিক ছাড়াও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের অবস্থানের উন্নতি হয়েছে। ফাইনালের আগে ৪ ম্যাচে ৭০ রান করেছিলেন তিনি। তবে ফাইনালে জ্বলে উঠে তার ব্যাট। ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন সাব্বির। এতে লড়াই করার পুঁজিও পায় বাংলাদেশ। পুরো আসরে ১৪৭ রান করেছেন সাব্বির। র্যাঙ্কিং-এ ১৮তম স্থানে আছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ৩১তম, তামিম ইকবাল ৪০তম, মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ ও সাকিব আল হাসান ৪৫তম স্থানে রয়েছেন। ১০১তমস্থানে রয়েছেন লিটন দাস।
নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রুবেল। তাই র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে ৪২তম স্থানে রয়েছেন রুবেল। টুর্নামেন্টে ৭ উইকেট পেলেও এক ধাপ পিছিয়ে ৮-এ নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। অলরাউন্ডার টেবিলে আরও এক ধাপ পিছিয়ে গেছেন সাকিব। তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। অবশ্য নিদাহাস ট্রফিতে মাত্র ২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৪ রান ও বল হাতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান তালিকায় নিউজিল্যান্ডের কলিন মুনরো, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সবার উপরে আছেন।
ইত্তেফাক/কেআই