সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় ডিবি পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পালকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত ডিবি পুলিশের আরো ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে সুমন হাসানকে নির্যাতনকারী ওই ডিবি পুলিশের টিমের ৩ সদস্যকে বরখাস্ত করা হয়। এই নিয়ে নির্যাতনকারী ডিবি পুলিশের ওই টিমের সকল সদস্যকেই বরখাস্ত করেছে মেট্রোপলিটন পুলিশ।
সোমবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই ঘটনায় সাময়িক বরখাস্তরা হল- সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশের ওই টিমের প্রধান এসআই আবুল বাশার, এএসআই মো. আক্তারুজ্জামান, স্বপন চন্দ্র দে, কনস্টেবল মাসুদুল হক, মো. আব্দুর রহিম, চৌধুরী রাসেল পারভেজ, মোঃ হাসান মাহামুদ ও কাজী সাইফুল ইসলাম।
এদের মধ্যে ১৩ই মার্চ দুপুরে ঘটনার পর পরই প্রাথমিক তদন্তে দোষী প্রমানিত হওয়ায় ১৪ই মার্চ সাময়িক ভাবে বরখাস্ত হয় প্রধান নির্যাতনকারী পুলিশ কনস্টেবল মাসুদুল হক। এর পরে অপরাধের গুরুত্ব বিবেচনা করে ১৫ই মার্চ আরো দুইজন অর্থাৎ আব্দুর রহিম ও চৌধুরী রাসেল পারভেজকে বরখাস্তের আদেশ দেয়া হয়। সর্বশেষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে এবং পুলিশ হেড কোয়াটার্স এর নির্দেশনা অনুযায়ী ১৮ই মার্চ রাতে সাংবাদিক নির্যাতনকারী ডিবি পুলিশের ওই টিমের নেতৃত্ব দেয়া এসআই আবুল বাশার এবং এএসআই আক্তার এবং স্বপন সহ ৫ জনকে সাময়িক ভাবে বরখাস্তের আদেশ দিয়েছেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুমনকে নির্যাতনকারী ডিবি পুলিশের টিমের ওই আট সদস্যকে বহিস্কারের পাশাপাশি তাদের প্রত্যেককে আলাদা ভাবে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে স্ব স্ব অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিবি পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পালকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে সদ্য যোগদানকারী উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে ডিবি’র উপ কমিশনার পদে দায়িত্ব দেয়া হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন বলেন, বিষয়টি নিয়ে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করেছি। এই ঘটনার সাথে জড়িতদের সঠিক শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে সকল সদস্যকেই। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৩ই মার্চ দুপুরে বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার এলাকার বিউটি রোডে মাদক সংক্রান্ত অভিযানের তথ্য জানতে গেলে ডিবি পুলিশের এসআই আবুল বাশারের টিমের ৮ পুলিশ সদস্য ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সুমন হাসানকে বেধড়ক মারধর করে। পরে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয়। সাংবাদিকরা সুমন হাসানকে গুরুত্বর আহত ও অসুস্থ্য অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখনো সে চিকিৎসাধীণ রয়েছেন ওই হাসপাতালে। এই ঘটনার পরপরই সারাদেশের বিভিন্ন স্থানে এই অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সৃষ্টি হয় সমালোচনার ঝড়।
ইত্তেফাক/এমআই