বরিশালে সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের চরকরনজীতে সড়ক ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। গতকাল সোমবার বিকালে চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনে অবহেলিত এ জনপদের একমাত্র যাতায়াত পথের দুর্দশা তুলে ধরেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শহিদ আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মাহাবুব খান, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক আলাউদ্দিন খান, সালাম জোমাদ্দার, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মনির।

মানববন্ধনে বক্তারা বলেন, বেলতলা থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কের বেহালে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। দীর্ঘ ১৫ বছর এই সড়কটি অচল অবস্থায় পড়ে আছে। এ এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। কোমলমতি স্কুল শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

ইত্তেফাক/নূহু