সিকান্দার মেলায় অশ্লীলতার কারণে যাত্রার প্যান্ডেল পণ্ড

সাতক্ষীরার তালায় শর্ত ভঙ্গ ও যাত্রার নামে অশ্লীলতার অভিযোগে সিকান্দার মেলায় অনুষ্ঠিত আনন্দ অপেরা, নিউ নিজাম পুতুল নাচ ও চিত্র তারকা মেলার প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে মেলার বিতর্কিত প্যান্ডেল গুলি ভেঙে দেওয়া হয়।
 
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে মেলার অশ্লীলতা সম্পর্কে জানিয়ে বন্ধের আদেশ চাওয়া হলে তিনি নগ্নতার অংশটুকু বন্ধের নির্দেশ প্রদান করেন। এ কারণে মেলার বিচিত্রা, পুতুল নাচ ও তারকা মেলা বন্ধ করা হয়েছে।
 
দেশের প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের স্মৃতি রক্ষা ও পর্বণ প্রিয় বাঙালির ঐতিহ্যের সন্ধানে ২০১৭ সাল থেকে কবির গ্রামের বাড়ি সাতক্ষীরার তালায় সরকারিভাবে পালিত হচ্ছে সিকান্দার মেলা। এরআগে কবি পরিবারের পক্ষে ২০০১ সাল থেকে '১৬ সাল পর্যন্ত সিকান্দার মেলা চলে আসছিল। প্রতি বছর মেলার নামে লাখ লাখ টাকা আদায় হলেও তা অদ্যাবধি কবির স্মৃতি সংরক্ষণ বা মেলায় দর্শনার্থীদের কবি সম্পর্কে ধারণা দিতে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে একদিকে যেমন সিকান্দার আবু জাফর সম্পর্কে বর্তমান প্রজন্মের অজানা থেকে যাচ্ছে, তেমনি চিত্ত বিনোদনে বাণিজ্যিক প্রসারতায় নানা আয়োজনে মূল লক্ষ্য থেকে সরে ঐতিহ্য হারাচ্ছে সিকান্দার মেলা। প্রতিবারের ন্যায় এবারো তালার তেঁতুলিয়াতে আয়োজিত মেলায় কবির জীবনী ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলোচনার পাশাপাশি তার লেখা বই, গান, নাটক ও কবিতা প্রদর্শনের শর্ত থাকলেও বাণিজ্যিকিকরণের নানা পসরায় এবারো চাপা পড়েছে তা। সব মিলিয়ে মেলার সার্বিক আয়োজনে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল এ অঞ্চলের মানুষ।
 
দেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক সিকান্দার আবু জাফরের ৯৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনে জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তালা উপজেলার তেঁতুলিয়াস্থ কবির জন্ম ভিটায় শুরু হয় সিকান্দার মেলা। এলক্ষ্যে সম্ভাব্য সকল প্রস্তুতির পর আয়োজকরা গত ৯ মার্চ থেকে ১৫ দিনব্যাপী শুরু হয় মেলাটি। সে অনুযায়ী ২৩ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও ৫ দিন আগেই মেলার প্রাণ যাত্রা ও পুতুল নাচ বন্ধ হয়ে যায়। তবে সার্কাস নির্ভর মেলা কিভাবে চলবে সেটাই এখন দেখার বিষয়। ইতোমধ্যে আয়োজকরা মেলার বর্ণাঢ্য বাস্তবায়নে কমিটি গঠন থেকে শুরু করে অনুষ্ঠান সূচি, সিদ্ধান্ত, উদ্বোধন, মাঠ ইজারা, অনুমোদিত ইভেন্ট ও ব্যবস্থাপনাসহ নানা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চললেও মেলার প্রায় শেষ ভাগেও শুরু করতে পারেননি ব্যবস্থাপনার ‘থ’ ক্রমিকের কবির জীবনী ও সাহিত্য সংস্কৃতির কোন আলোচনা বা সংশ্লিষ্ট কোন আয়োজন। এমন অবস্থায় এলাকার সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের একজন বরেণ্য কবির নামে শুরু হওয়া মেলাকে ঘিরে শুরু থেকেই ছিল নানা অভিযোগ। মেলায় আগত যাত্রা গান, পুতুল নাচে সংস্কৃতির নামে চলে আসছিল অশ্লীল উদোমে নৃত্যের মহোৎসব। তবে এবার মেলায় যাত্রা, পুতুল নাচ, সার্কাস, নাগর দোলাসহ বাহারি পসরায় দোকানিদের আগমনেও দর্শক সমাগম করতে পারেনি।
 
ধারণা করা হচ্ছে, লটারিসহ অসামাজিক নানা কর্মকাণ্ডের জন্য মেলায় দর্শক শূন্যতার কারণ। তবে এলাকাবাসী বলছেন, অশ্লীলতাই শূন্যতার জন্য দায়ী। সিকান্দার মেলায় সিকান্দারকে নিয়ে কোন আয়োজন না থাকায় ভিড় নেই বর্তমান প্রজন্মের জ্ঞানপিপাসুদের। এলাকাবাসীর আশঙ্কা, এমনটি চলতে থাকলে অনেক ঐতিহ্যবাহী মেলার ভিড়ে হারিয়ে যাবে প্রাণের সিকান্দার মেলাও।
 
মেলার সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটন বলেন, উপ-কমিটি ও স্থানীয় সমন্বয়কারী ব্যবস্থাপনার দায়িত্বে মেলা চলছে। মেলায় অনিয়মের কোন সুযোগ নেই।
 
তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, মেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রশাসন সমর্থন করে না। তাদের কাছে মেলায় আগত যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ঐ প্যান্ডেলগুলি পণ্ড করে দিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস