চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের দুলা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা শাহ আলম আহত হয়েছেন। ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, ল্যাপটপ নগদ টাকা সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল।
ভুক্তভোগী শাহ আলম জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে ঘরের দরজা ভেঙে প্রথমে মুখোশধারী ৩ জন প্রবেশ করে। এরপরে আরো ৪ জন প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। আমি বাধা দেয়ার চেষ্টা করলে আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে। ঘরের মধ্যে আলমিরার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল সেট, দুটি ল্যাপটপ, নগদ ২০ হাজার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, আমি মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস