নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দায় ট্রাক চাপায় সাহেরা বেগম নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সাহেরা বেগম মান্দা উপজেলার মীরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে সাহেরা বেগম গ্রামের বাড়ি থেকে সাতবাড়িয়া বাজারে আসেন কেনাকেটা করার জন্যে। কেনাকেটার পর নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাড়িতে। ঘটনার সময় রাজশাহী থেকে নওগাঁর দিকে আসা দ্রুতগামী ধান বোঝায় একটি ট্রাক-প্রাইভেটকারের একে অপরকে ওভারটেকিং করতে গিয়ে ঘটনাস্থলে দুটি গাড়িই রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চাপায় সাহেরা বেগম মারা যান। ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেয়া হয়েছে। আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস