ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু নিহত

পাবনার ঈশ্বরদীর দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে (দাশুড়িয়া-লালনশাহ সেতু সংযোগ সড়ক) ট্রাক চাপায় উপমা (৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় নিহত উপমার বাবা উজ্জল হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, উপমা নতুনহাটের আজিজ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণীর ছাত্রী। স্কুলের ক্লাস শেষে তার বাবা উজ্জল হোসেন বাইসাইকেলে করে উপমাকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের বহনকারী বাইসাইকেলটি দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে এলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা আহত মেয়ে ও বাবাকে উদ্ধার করে  ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপমাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানান, হতাহতদের বাড়ি দিয়াড় বাঘইল গ্রামের কেন্দ্রীয় মসজিদ এলাকায়। উজ্জল হোসেন ওই এলাকার বিশিষ্ট সমাজ সেবক গোলাম রসুলের ছেলে।
 
ইত্তেফাক/এসএস