বিমান দুর্ঘটনায় নিহত অধ্যাপক আখতারা বেগমের দাফন সম্পন্ন

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত অধ্যাপক আখতারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা গোরস্থান মসজিদের পাশে তার দাফন সম্পন্ন  হয়। 
 
এর আগে তার মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে উপশহর ক্রীড়া সংঘের মাঠে এসে পৌঁছায়। সেখানে তার শেষ জানাজার নামাজে মানুষের ঢল নামে। রাজনৈতিক ব্যক্তিবর্গ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় অংশ নেন। 
 
এর আগে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রাজশাহীর ছয়জনের মধ্যে ৫ জনের মরদেহ সোমবার দুপুরে ঢাকায় পৌঁছায়। বাকি একজনের (নজরুল ইসলাম) মরদেহ শনাক্ত নিয়ে জটিলতা দেখায় তার মরদেহ পরে দেশে আসার কথা রয়েছে। নিহত ২৩ জনের মরদেহের মধ্যে রাজশাহীর পাঁচজনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর কার্গো বিমান নেপাল থেকে সোমবার দুপুরে দেশে পৌঁছায়। এর মধ্যে কেবল অধ্যাপক আখতারা বেগমের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে আনা হয়। এ ছাড়া বাকি চারজনের মধ্যে তিনজনের মরদেহ ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। একজনের মরদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। 
 
ইত্তেফাক/ইউবি