মির্জাপুরে বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

এসএসসি পরীক্ষার ফল জানা হলো না শাকিলের (১৭)। বাসের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল তার। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটেছে।
 
শাকিলের বাবার নাম মো. ফজল মিয়া। বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে। শাকিল দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
 
শাকিলের বন্ধু আরিফ হোসেন জানায়, গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসে শাকিল মির্জাপুর আসছিল। বাস ভাড়া নিয়ে বাসের হেলপার ও সুপারভাইজারের সঙ্গে কথা কাটা-কাটির এক পর্যায়ে হেলপার ও সুপারভাইজার শাকিলকে বাস থেকে ধাক্কা দিলে সে নিচে পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাসটি তাকে উদ্ধার না করেই ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়।
 
এদিকে এই ঘটনা দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন তাদের সঙ্গে যোগ দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাস স্টেশন এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে তারা ব্যারিকেড তুলে নেয়।
 
এ ব্যাপারে গোড়াই মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান জানিয়েছেন, বাসটি আটক করা যায়নি। তবে অভিযোগের পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এসএস