কুমিল্লা মুরাদনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার থানার কলমা গ্রামের মৃত্যু আব্দুল আলীর ছেলে সাহাব উদ্দিন (৪০), বরিশাল জেলার হিজলা থানার ছয়গা গ্রামের সাইফুল মিয়ার ছেলে সবুজ (১৯) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামের নোয়াব আলী মীরের ছেলে আনোয়ার মীর (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই গুফরান ও এসআই রিপন দাসের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের শুশুন্ডা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ত্রিশা সার্ভিসের একটি বাস থেকে ৬ কেজি গাঁজাসহ সাহাব উদ্দিন ও সবুজকে আটক করে পুলিশ।
অপর দিকে মুরাদনগর থানার এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আলীরচর গ্রামে আব্দুল বাতেনের চায়ের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আনোয়ারকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আরজু জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস