ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালীন রামগড়ের কলাবাড়ী নামক এলাকায় পিকেটারদের বন্দুক হামলায় এক সিএনজি চালক গুলিবিদ্ধ হয়েছে।
জানা যায়, আজ বুধবার দুপুর ১২টার দিকে যাত্রী নিয়ে দু’টি সিএনজি কলাবাড়ী এলাকায় পৌঁছলে অবরোধকারীরা অতর্কিতে গুলি করলে চালক শরিফুল ইসলাম (২২) গুলিবিদ্ধ হয়। এসময় পিকেটাররা গাড়ি দু’টি ভাংচুর করার সময় ইট আর পাথরের আঘাতে ৭মাসের এক শিশুকন্যাও আহত হয়। গুলিবিদ্ধ শরিফুল নাকাপা মধুপুর গ্রামের মমিনুল হকের সন্তান বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ শরিফুলকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ডা. রতন খীসা জানান, গুলিটি গলার ভেতরে রয়েছে। রোগীর অবস্থা আশংকাজনক।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, অবরোধে পুলিশ সক্রিয় ছিল। গুলিবিদ্ধ ও ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে এবং টহল বাড়ানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।।
ইত্তেফাক/এমআই