পলাশবাড়ীতে স্বামী-স্ত্রী ছুরিকাঘাতের ঘটনায় স্বামী নিহত

পলাশবাড়ীতে স্বামী-স্ত্রী দুজনের ছুরিকাঘাতের ঘটনায় স্বামী নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতের ঘটনার পর দুজনকে উদ্ধার করে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল এ সময় পথে স্বামী দুলাল মিয়া (২২) মারা যায়। স্ত্রী শিথিলার (১৯) অবস্থা আশংকাজনক।

জানা যায়, গত এক সপ্তাহকাল যাবৎ বাবার বাড়িতে অবস্থান করে স্ত্রী শিথিলা স্বামী দুলাল মিয়ার বাড়ি ফিরে আসে। স্বামী-স্ত্রী দুজন নিজ শয়ন ঘরে অবস্থান করছিল। দুলালের মা সন্ধ্যায় রাতের খাবার রান্না শেষে ছেলের ঘরে কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে উভয়কে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা যায়, স্বামী দুলাল তার স্ত্রী শিথিলাকে ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যার চেষ্টা করে। আহতদের পলাশবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর নেয়ার পথে দুলাল মারা যায়।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্তেই এ হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

ইত্তেফাক/নূহু