সাভারে কলেজছাত্র হত্যার ঘটনায় বিক্ষোভ

সাভারে নিখোঁজ কলেজছাত্র মাহমুদুর রহমান ফয়সালের মরদেহ উদ্ধারের পর বিক্ষুদ্ধ এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাড়কের হেমায়েতপুরে নিহত ফয়সালের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে এ বিক্ষোভ করে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী।
 
পুলিশ জানায়, গত ৫ মার্চ সাভারের হেমায়েতপুর থেকে মাহমুদুর রহমান ফয়সালকে নিজ বাসা থেকে ডেকে নেয় রাজু ও আকাশ নামে তার দুই প্রতিবেশী বন্ধু। এঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজু ও আকাশকে দিনাজপুর থেকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য স্বীকারোক্তি অনুসারে মঙ্গলবার রাতে সাভারের জোড়পুল এলাকার একটি পরিত্যক্ত বালির মাঠে পুঁতে রাখা অবস্থায় ফয়সালের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের চাচা আব্দুল আলিম বাদী হয়ে সাভার মডেল থানায় মঙ্গলবার রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।
 
বুধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফয়সালের লাশ তার বাড়ি হেমায়েতপুরে আনা হলে শোকে বিক্ষুদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এসময় তারা মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সসহ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে ফয়সালকে খুনের ঘটনায় জড়িতদের শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। এসময় সড়কটিতে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যায়।
 
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, মহাসড়কের অবস্থানরত বিক্ষুদ্ধ এলাকাবাসীকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হবে এমন আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি