জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না। গণতন্ত্র নড়বড়ে হয়ে পড়বে। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে নির্বাচন কমিশনের দিকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচন কমিশন যেন সম্মানিত হতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
গতকাল বুধবার সকালে ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়েরকালে তিনি এসব কথা বলেন। ফুলপুর প্রেসক্লাবের সভাপতি (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, বিভাগীয় কর্মকর্তা ইসরাহিল হোসেন, একান্ত সচিব এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির মুকুল, সহ-সভাপতি নূরুল আমীন, খলিলুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ইসি ফুলপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু