ঝিনাইগাতীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের মানুষ দুর্ভোগে

ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি-খাটুয়াপাড়া রাস্তার বামততলী বিলে একটি ব্রিজ নির্মাণের অভাবে ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশ স্বাধীনের পর থেকেই এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি ওঠে এলাকাবাসীর পক্ষ থেকে। কিন্তু ৪৭ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ফলে এ রাস্তায় যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এ বিলেই পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে হানাদার বাহিনী ও রাজাকার আল-বদরদের বুলেটের আঘাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা নাজমুলসহ অনেকেই। উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক ফকির আব্দুল মান্নান বলেন, কাটাখালী ব্রিজ ভেঙে হানাদার বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে এসে এ যুদ্ধ বাঁধে। দেশ স্বাধীনের পর থেকেই এখানে শহীদদের স্মরণে একটি ব্রিজ নির্মাণের দাবি উঠে। এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার আবেদন-নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।

মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতাসহ গ্রামবাসী জানায়- রাঙ্গামাটি, খাটুয়াপাড়া, কালিবাড়ি, বানিয়াপাড়া, কলসপাড়, গাজীরখামার, কুড়ালীয়াকান্দা ও তাতালপুরসহ বিভিন্ন গ্রামের হাজার-হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। কৃষকরা তাদের উত্পাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না।

খাটুয়াপাড়া গ্রামের সমাজ সেবক আশরাফ আলীসহ গ্রামবাসী জানায়—বর্তমানে নড়বড়ে কাঠের সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় দাবি উপস্থাপন করে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে উপর মহলকে অবহিত করা হয়েছে। বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু