তরকারিতে স্বাদ না হওয়ায় গৃহবধূ নির্যাতন

নওগাঁর রাণীনগরে রান্না করা তরকারি স্বাদ না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাম্মি আক্তার (১৮) নামের এক গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বুধবার বিকেলে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে এই এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রাণীনগর থানা পুলিশ শাম্মি আক্তারকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
 
জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামের মো. ইলিয়াস সরদারের ছেলে মো. মিলন সরদারের সাথে একডালা ইউনিয়নের বিষঘড়িয়া গ্রামের মো. রেজাউল করিমের মেয়ে শাম্মি আক্তারের সাথে মিলন সরদারের প্রেমের সম্পর্কে ২০১৪ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিলন সরদার তার স্ত্রীকে বিভিন্ন কারণে অকারণে মারপিট করে। এদিন বিকেলে রান্নার বিষয় নিয়ে শাম্মি আক্তারকে ঘরে আটকে রেখে নির্যাতন করে তার স্বামী মিলন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তার পরিবারকে খবর দিলে পুলিশের সহযোগিতায় শাম্মি আক্তারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করানো হয়।
 
নির্যাতিত গৃহবধূ শাম্মি আক্তার বলেন, 'আমার স্বামী বিয়ের পর থেকে কারণে অকারণে আমাকে মারপিট করে। এদিন বিকেলে রান্না করার তুচ্ছ বিষয় নিয়ে আমাকে ঘরে আটকে রেখে নির্যাতন করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।' তিনি আরো বলেন, 'আমি লোকমুখে জানতে পেরেছি যে আমার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েছে। দিন যাচ্ছে আর আমাকে মারপিট করার পরিমাণ বৃদ্ধিই পাচ্ছে।'
 
এব্যাপারে অভিযুক্ত শাম্মি আক্তারের স্বামী মো. মিলন সরদার বলেন, 'আমার বউ দোষ করেছে তাই আমি তাকে মারপিট করেছি।'
 
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান জানান, শাম্মি আক্তারকে নির্যাতন করার ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসএস