আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের দুই পক্ষের সংঘর্ষে টেটা-বিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলার বগারগোত গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জমির আলী (৪০), আজগর আলী (৪৫), আমির আলী (৪৫), জুয়েল মিয়া (২৫), হবি মিয়া (৬৫) ও রসুল মিয়াকে (৪২) নরসিংদী সদর হাসপাতালে টেটাবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। তাছাড়া আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিছু আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি অপারেশন পুলিশ মোজাফ্ফর হোসেন জানান, করিমপুর ইউনিয়নের বগারগোত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল মিয়া ও ওয়ার্ড মেম্বার বাচ্চু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল ৭টার দিকে উভয় গ্রুপের মধ্যে টেটাযুদ্ধ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী এই টেটাযুদ্ধে ১৩জন টেটাবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে উভয় গ্রুপের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস