জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর নামে অডিটোরিয়ামের উদ্বোধন করেছে বাংলাদেশ দূতাবাস রাশিয়া। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রঙিন বেলুন ও অন্যান্য ঝলমলে সামগ্রী দিয়ে সাজানো হয়।
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। কেককাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করেছে। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ দূতাবাস রাশিয়া ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী, রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। মহান এ নেতার জন্ম হয়েছিল বাঙালির মুক্তির তাগিদেই। তিনি এসেছিলেন মানবমুক্তির কেতন উড়িয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ এগিয়ে চলছে। দেশকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসে এসএম শাহনেওয়াজ, কমার্শিয়াল কাউন্সেলর ড. আশফাকুল ইসলাম বাবুল, দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান আন্দ্রিয় দ্রং, পলিটিক্যাল কাউন্সেলর ড. শাহ মোহাম্মদ তানভীর, দূতাবাসের প্রথম সচিব লুবনা সিদ্দিকী প্রমুখ।
IMG0
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সম্মানিত সদস্য শাহ রিয়াজ মিতু, সহ-সভাপতি গোলাম ফরিদ উদ্দিন, বাহাউদ্দিন তালুকদার মিন্টু, বেলায়েত হোসেন বাবুল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুমন, বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া শাখার সভাপতি ড. শহীদুল হক শানু, বাংলা প্রেসক্লাব রাশিয়া শাখার সভাপতি বারেক কায়সার, সাধারণ সম্পাদক স্বরুপ দেব, বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন প্রমুখ।
ইত্তেফাক/এসএস