রাজশাহীতে এবার সাপ ধরতে ফায়ার সার্ভিস

রাজশাহী মহানগরীতে এবার সাপ ধরতে ডেকে আনা হলো ফায়ার সার্ভিসের সদস্যদের। ঘরের মধ্যে ঢুকে পড়া বিষাক্ত গোখরা সাপটি শুক্রবার সকালে মহানগরীর মন্নুজান এলাকা থেকে ধরা হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারপাড়া মন্নুজান স্কুলের পাশে সুরজিৎ বাগচির বাড়ির শয়নকক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় সাপটি ধরেন পবা উপজেলার সাপের খামারী বোরহান রুম্মন। যে ঘরের তীরের সঙ্গে সাপটা ঝুলছিল, ওই ঘরেই মশারি টাঙিয়ে বাড়ির মালিকের দুই মেয়ে ঘুমাচ্ছিল। প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বোরহান রুম্মনকে খবর দেন। সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় রুম্মন সাপটি ধরে নিয়ে যান।   
 
উল্লেখ্য, এর আগে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা গরু, বিড়াল ও চড়ুই পাখি উদ্ধারে কাজ করেছে।  
 
ইত্তেফাক/ইউবি