স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুরকে মেট্রোপলিটন সিটি ঘোষণা করা হয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন আইন সংসদে উত্থাপিত হয়েছে এবং সংসদীয় কমিটি থেকে রিপোর্টও দেয়া হয়েছে। এখন পার্লামেন্ট যে দিন শুরু হবে এর কয়েক দিনের মধ্যেই এটা পাশ হয়ে যাবে।
শুক্রবার বিকালে গাজীপুর শহরে শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জন দুর্ভোগের কথা বলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনার যখন মনে করেন যে এখানে কোন রকম বিশৃংখল পরিস্থিতি হতে পারে কিংবা কোন রকম আশংকা থাকে তখনই তারা মিটিং করা থেকে বিরত থাকতে বলেন। এর মানে এই নয় যে তাদের কোন দিন আর মিটিং করতে দিবে না।
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, ডুয়েটের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আতাউল্লাহ মণ্ডল, এসএম মোকছেদ আলম, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মুজিবুর রহমান, কাজী ইলিয়াস আহমদ, হাজী মনিরুজ্জামান, মাজহারুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, আমরা যেভাবে এগিয়ে চলছি আমাদের উন্নয়নের মহাসড়ক যে ভাবে চলছে আমরা স্বল্প উন্নত দেশ থেকে কেবল উন্নয়নশীল দেশই হয়নি। আমরা আমাদের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট কিছু দিনের মধ্যে মহাকাশে উৎক্ষেপন করতে পারবো। আমাদের মেট্রোরেল দৃশ্যমান হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেস দৃশ্যমান হচ্ছে। পদ্মাসেতু আমাদের গর্ব এই সেতুর জন্য আমাদের কারো কাছ হাত পাততে হয়নি। আমরা সেই জাতি আমরা মাথা উঁচু করে চলতে পারি। আমরা এখন কারো কাছে সহযোগিতা চাইনা।
তিনি নতুন ভোটারদের কাছে আহ্বান জানিয়ে বলেন, আমরা শিগগিরই জাতীয় নির্বাচনে যাচ্ছি। এ নির্বাচনে আমাদের এই উন্নয়নের ধারা ও আলোর ধারা শুধু আমরা বজায় রাখতে চাই। আমরা যদি আবারো অন্ধকারে নিমজ্জিত না হতে চাই তাহলে মনে রাখতে হবে নৌকার বিকল্প আর কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা আর নৌকার বিকল্প শুধু মাত্রই নৌকাই। নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই উন্নয়নের ধারাকে এই আলোকিত বাংলাদেশকে আরো বেশি আলোকিত হবে।
ইত্তেফাক/ইউবি