গারো মা-মেয়ে হত্যা: দু’জনের আদালতে স্বীকারোক্তি, অন্য দু’জন রিমান্ডে

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে চাঞ্চল্যকর গারো মা-মেয়ের হত্যা মামলায় খুনের দায় স্বীকার করে দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। স্বীকারোক্তি দেয়া দুই জন হলেন, সঞ্জীব চিরান এবং রাজু সাংশা ওরফে রাসেল। এ ঘটনায়  রিমান্ডপ্রাপ্তরা হলেন, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্ত।
 
শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি থেকে ওই চারজনকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা।
 
আদালত সূত্র জানায়, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন টাকার জন্যই মা-মেয়েকে খুন করেছেন। খুনে সরাসরি অংশ নেয় সঞ্জীব, রাজু ও শুভ। আর প্রবীণ বাসার নিচে অবস্থান করেছিল। প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় বেছেত চিরানকে এবং পরে সুজাতা চিরানকে কুপিয়ে হত্যা করা হয়। ওই বাসায় অনেক টাকা থাকতে পারে এই মনে করে তারা চুরি করার সিদ্ধান্ত নেয়। এর মূল পরিকল্পনাকারী সঞ্জীব।
 
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল রোডের ক-৫৮/২ নম্বর বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে গারো সম্প্রদায়ের বেছেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সুজাতার স্বামী আশিষ মানকিন বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সঞ্জীব চিরানের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়।
 
এদিকে, মা-মেয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন।
 
ইত্তেফাক/এমআই