মুদ্রানীতিও উন্নয়ন সহায়ক হতে পারে: আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করে কেন্দ্রীয় ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
 
রাজধানী ঢাকার শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকেলে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান এ কথা বলেন।
 
তিনি মুদ্রানীতি ও বাজেট সম্পর্কে বলতে গিয়ে জানান, উন্নয়নমুখী কেন্দ্রীয় ব্যাংকিং পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক কৃষক, বর্গা চাষি, মসলা চাষি, গাভীর খামারি, নারী উদ্যোক্তাদের সুদ ভর্তুকির ব্যবস্থা করে কম সুদে ঋণের প্রচলন করেছে। ফলে গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়েছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং চালু করে দ্রুত গ্রামে গঞ্জে টাকা পাঠিয়ে মুদ্রানীতির বাস্তবায়নে বড় প্রভাব ফেলেছে।
 
তিনি যেকোন মূল্যে আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। ডলারের সাথে টাকার বিনিময় হারও স্থিতিশীল রাখা গেলে আমদানি করা পণ্যের দাম তথা মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি কেন্দ্রীয় ব্যাংকারদের সজাগ থাকতে বলেন।
 
ইত্তেফাক/আরকেজি