রামগতিতে ১৫ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ

লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চিংড়ি মাছের পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার মেঘনা নদীর তীরবর্তী গাবতলীর ওছখালী এলাকা থেকে এ পোনা জব্দ করেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা, কোস্টগার্ড ও রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, অসাধু মাছ ব্যবসায়ীর সহায়তায় কিছু জেলে অবৈধ জাল নিয়ে নদীতে ইলিশের জাটকা ও চিংড়ির পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীর ওছখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০টি ঘরের তালা ভেঙে ৩০টি বড় ড্রামে (ব্যারেল) রক্ষিত প্রায় ১৫ লাখ টাকা মূল্যের আনুমানিক ৩০ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়। খবর পেয়ে ঘরের মালিকরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতেই জব্দ করা চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।
 
উল্লেখ্য, ইলিশের জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীর উপকূলীয় ইলিশ অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই দু'মাসের জন্য ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় এবং মওজুদও নিষিদ্ধ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস