ফরহাদ ঝড়ে প্রাইম দোলেশ্বরের নাটকীয় জয়

ফরহাদ রেজার অধিনায়কোচিত ইনিংসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে নাটকীয় জয় পেল প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭২ রানে সপ্তম উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রাইম দোলেশ্বর।
 
কিন্তু আট নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৩৭ বলে অপরাজিত ৬৮ রান করে প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটের জয় এনে দেন ফরহাদ। তার নান্দনিক ইনিংসে ২টি চার ও ৭টি ছক্কার মার ছিলো। ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ফরহাদ। 
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় প্রাইম দোলেশ্বর। ব্যাটিং-এ নেমে ওপেনার রবিউল ইসলাম রবির ৬২, ভারতের অশোক মেনেরিয়ার ৫৪ ও অমিত মজুমদারের ৫০ রানের সাথে মাহিদুল ইসলাম অঙ্কনের ২৪ ও শেষ দিকে মনিউল ইসলামের অপরাজিত ২১ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় খেলাঘর। প্রাইম দোলেশ্বরের পক্ষে ৪৫ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। 
 
জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্যে নিজেদের ইনিংস শুরু করে উপরের সারির সাত ব্যাটসম্যারা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে প্রাইম দোলেশ্বর। কারণ ৩৯ দশমিক ২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে পারে তারা। এরপর অষ্টম উইকেটে শাহানুর রহমানের সাথে জুটি বাঁধেন ফরহাদ। 
 
খেলাঘরের বোলারদের বিপক্ষে জ্বলে উঠে শাহানুরের সঙ্গে মাত্র ৫৩ বলে ৮৭ রান যোগ করেন ফরহাদ। ফলে ১১ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় প্রাইম দোলেশ্বর। ফরহাদ ৬৮ ও শাহানুর ১৯ রানে অপরাজিত থাকেন। 
 
ইত্তেফাক/কেআই