রাজশাহী মাদার বখশ কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাংসদ, বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর স্ত্রী, রাজশাহী মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাতকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
 
অধ্যক্ষ পদে থেকেও কলেজ গভর্নিং বডির নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শনিবার সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাসপেন্ড করা হয়। একই সাথে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপিকা মাহমুদা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
 
ওই চিঠিতে বলা হয়, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ গভর্নিং বডির পরামর্শ, আদেশ, নির্দেশ ও গভর্নিং বডির সিদ্ধান্তকে অবমাননার কারণে অধ্যক্ষ সালমা শাহাদাতকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে অধ্যক্ষ সালমা শাহাদাত বলেছেন, ‘সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি শুনেছেন। সভাপতি এককভাবে এটা করেছেন। অথচ তিনি এটা করতে পারেন না। কলেজ পরিচালনা পর্ষদের সভায় অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়ে অনুমোদন নিতে হতো। সভাপতি পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন না করেই এককভাবে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।’
 
অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, কলেজে নিয়োগ থেকে শুরু করে তিনি কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন। নিয়োগ পরীক্ষার পরে পরিচালনা পর্ষদের অনুমতি নেয়া হয় না। তাই পরিচালনা পর্ষদ ওই নিয়োগে অনুমোদন না দেয়ায় তিনি উপাধ্যক্ষ নিয়োগ দিতে পারেন নি। এখানে তার কিছু করার নাই।’ 
 
ইত্তেফাক/আরকেজি