নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে নার্গিস আক্তার (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শনিবার সকালে শিবপুর উপজেলার দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, এক বছর আগে দরিপাড়া গ্রামের মনুরুদ্দিন চৌকিদারের ছেলে লোকমান মিয়ার সঙ্গে সদর উপজেলার কামারচর গ্রামের সালাউদ্দিনের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় স্বামীর বাড়ির লোকজনের দাবি অনুযায়ী এক লাখ টাকা যৌতুক পরিশোধ করা হয়। শনিবার সকালে নার্গিসের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা গিয়ে তার রক্তাত্ব লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
এদিকে স্বামী লোকমান মিয়াকে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকমানের স্বজনদের দাবি, গত রাতে ডাকাতদের হামলায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। তবে নিহত গৃহবধূর মামা আবু সিদ্দিক বলেন, বাড়িতে গিয়ে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। এমনকি নিহত নার্গিসের শরীরে থাকা সোনার অলংকারও নেয়নি। আমাদের ধারণা স্বামীর হাতেই তার মৃত্যু হয়েছে।
 
শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী  নার্গিস আক্তারের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে হত্যাকাণ্ডের অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি