খাগড়াছড়িতে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের কর্মী নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো: রাসেল (১৮) নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পিডিবি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলা সদরের কদমতলীর হরিনাথপাড়ার মোঃ নুর হোসেনের ছেলে। সে ৬ নং পৌর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।

জানা যায়, একদল চিহিৃত দুর্বৃত্ত তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পথেই তার মৃত্যু ঘটে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু