ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য দু:খের দিন: সাদারল্যান্ড

কেপটাউন টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনেই অসি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট স্বীকারোক্তি দিয়েছেন। অধিনায়ক স্টিভ স্মিথ টেম্পারিংয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘তাঁর অধিনায়কত্বে এমন ঘটনা আর ঘটবে না।’
 
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবছে অন্য লাইনে। খেলোয়াড়দের স্বীকারোক্তির পরেও তারা ব্যাপারটি নিয়ে নতুন করে তদন্ত করারই সিদ্ধান্ত নিয়েছে। তবে বল–বিকৃতির এই ব্যাপারে নিজেদের হতাশা গোপন করেনি তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড রোববার সকালে মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এটা অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য দুঃখজনক একটা দিন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনায় হতাশ ও হতবাক।
 
ঘটনাটি অস্ট্রেলীয় ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলেই মনে করেন সাদারল্যান্ড, ‘অস্ট্রেলীয়রা তাদের ক্রিকেট দলকে নিয়ে সব সময়ই গর্বিত। কিন্তু আমি নিশ্চিত, আজ ভোরে ঘুম থেকে ওঠার পর তাদের সেই গর্ব কিছুটা হলেও ম্লান হয়ে যাবে। দেশের ক্রিকেটের জন্য দু:খের দিন ছিল।’
 
তিনি আরো বলেন, ‘ক্রিকেট খেলাটির একটা বিশেষত্ব আছে। সেটি হচ্ছে, খেলাটি কেবল নির্দেশিত নিয়মকানুন মেনেই অনুষ্ঠিত হয় না, এর কিছু আলাদা চেতনাবোধ আছে। গতকাল বিকেলে কেপটাউন টেস্টে যা হয়েছে, সেটি আইনের মধ্যে তো পড়েই না, ক্রিকেটীয় চেতনার সঙ্গেও সেটি যায় না।’
 
সাদারল্যান্ড জানিয়েছেন, সিএ-র ইন্টিগ্রিটি শাখার প্রধান ইয়েইন রয় এবং হাইপারফরম্যান্স ম্যানেজার প্যাট হোয়ার্ডকে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত খেলোয়াড় ও দলের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে ওই দলকে সঠিক চিত্র জানতে পাঠানো হচ্ছে। তারা সেখানে গিয়ে পুরো ব্যাপারটিই তদন্ত করে দেখবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
 
এদিকে ইতোমধ্যেই কেপটাউট টেস্টের চতুর্থ দিন শুরুর আগেই সিএ অধিনায়ক ও সহঅধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দিয়েছে। চলতি টেস্টে এখন নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক টিম পেইন।
 
ইত্তেফাক/রেজা