স্বাধীনতার ৪৭ বছর পর রাজশাহীর তালাইমারী বধ্যভূমি চিহ্নিত

রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় ঐতিহাসিক ‘বাদুরতলা বধ্যভূমি ৭১’ চিহ্নিত করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। বধ্যভূমি উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও রবিউল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য মুক্তিযোদ্ধার সন্তান ও এলাকাবাসী।
 
জানা গেছে, ৭১ এ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী অসংখ্য লোকজনকে ধরে এনে হত্যার পর রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার বাদুড়তলা বধ্যভূমিতে ফেলে দিত। এর পর লাশগুলো নদীর পানিতে ভেসে যেত। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর ধরে অবহেলায় থেকে গেছে এ বধ্যভূমি। শেষে রবিবার সকালে বধ্যভূমি চিহ্নিত করা হলো।
 
ইত্তেফাক/এমআই