খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তালা উপজেলার ভৈরবনগর ও শাকদাহে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈবরনগরে পিকনিকের বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলম, আরজু মিয়া, তুলি ও হাসিবের নাম জানা গেছে। তাদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায়। আহতরা জানান, তারা যশোরের নওয়াপাড়া থেকে সুন্দরবনে বনভোজনে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী বাস একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
অপরদিকে বিকেলে একই সড়কের শাকদাহে মাহেন্দ্র ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৬০)। তিনি উপজেলার কুমিরা গ্রামের আইজউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এসএস