রাজস্থান রয়্যালস এই মৌসুমে স্টিভেন স্মিথকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাকে সরে যেতে হয়েছে আইপিএল দলের অধিনায়কত্ব থেকেও। রাজস্থান রয়্যালস এরই মধ্যে আজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।
রবিবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা বিসিসিআই-এর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তবে এর মধ্যে সিদ্ধান্তটা স্মিথ নিজেই নিয়ে নিলেন। পরে দলটির পক্ষ থেকে মনোজ বাদালে টুইট করে স্মিথের সরে দাঁড়ানো ও রাহানেকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটের মর্যাদা রক্ষা করতে যা প্রয়োজন ফ্র্যাঞ্চাইজি তাই করবে। যে কারণে স্মিথের দায়িত্ব ছাড়াটাও তারা মেনে নিয়েছে। মনোজ বাদালে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে সেটা খুব খারাপ। স্টিভের জন্য এটা খুব খারাপ সময়।’ ম্যাচ গড়াপেটায় দু’বছর নির্বাসনে থাকার পর আবার আইপিএল-এর মূল স্রোতে ফিরেছে রাজস্থান। ২০১৪ ও ২০১৫ আইপিএল-এ রাজস্থানের হয়ে খেলেছিলেন স্মিথ। ফেরার বছর একমাত্র তাকেই ধরে রেখেছিল দলটি।
ইত্তেফাক/কেআই