যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার দিবসের প্রথমভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এর পর, টোকিওর এক স্থানীয় হোটেলে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে জাপানের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শুরুর প্রাক্কালে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এসময় উপস্থিত সকল বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব কাজুইকি নাকানে এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপান–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব ও সংসদ সদস্য ইচিরো সুকুদা।
পরে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যে ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে তা উপস্থিত অতিথিদের অবগত করেন তিনি। এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ, বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অর্জন সম্পর্কে রাষ্ট্রদূত তার বক্তব্যে আলোকপাত করেন।
প্রধান অতিথি কাজুইকি নাকানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে জাপান-বাংলাদেশের ৪৫ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। মায়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক দিনে দিনে আরো গভীর হবে। এছাড়া জাপানের স্থানীয় পত্রিকায় দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/সেতু