দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ভোর ৬টায় কনস্যুলেটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এরপর কনস্যুলেট ভবনের কনফারেন্স রুমে কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রথম সচিব (দূতালয় প্রধান) প্রভাষ লামারাং এর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দিবসটি উপলক্ষে দেয়া রাস্ট্রপতির বানী পাঠ করেন কমার্শীয়াল কাউন্সিলার ডক্টর এ, কে, এম রফিক আহাম্মদ, প্রধান মন্ত্রীর বানী পাঠ করেন লেবার কাউন্সিলার এ এস, এম, জাকির হোসেন, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন ফাস্ট সেক্রেটারি লেবার এ কে এম মিজানুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফাস্ট সেক্রেটারি পাসপোর্ট নূর-এ- মাহাবুব জয়া।
সভায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধু অসামান্য নেতৃত্ব দিয়ে মহান মুক্তিযুদ্ধের জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে উজ্জীবিত হয়েই বাঙালি জাতি স্বাধীনতা এনেছিলেন। সভায় কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
ইত্তেফাক/কেআই