সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিত কণ্ঠে দেশে-বিদেশে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে যোগদান করে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্যের কারণে সুইডেনের স্থানীয় সময় ভোররাত ৪টার কিছু পরে দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের এই অনুষ্ঠান পালন করা হয়।
উল্লেখ্য, শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে বাংলাদেশব্যাপী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করা হয়।
সময়ের পার্থক্যজনিত প্রতিকূলতা এবং স্টকহোমের ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উক্ত অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত সকলেই মহান স্বাধীনতা দিবসের শুরুতেই দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনন্য আয়োজনে অংশগ্রহণ করতে পেরে বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত বলে মত প্রকাশ করেন এবং সরকারের এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং এর ইতিহাস সম্পর্কে আরো আগ্রহী করে তুলবে বলে আশা করেন।
উপস্থিত সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম বলেন, বাঙালি জাতি আজ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আরো একবার নিজ দেশ ও ভাষার প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। তিনি এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকল পর্যায়ে দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ইত্তেফাক/কেআই